ভারত থেকে চোরাইপথে আনা ২৪২ টন চিনি জব্দ করেছে পাবনা জেলা পুলিশ। এ সময় ১২টি ট্রাকসহ ২৩ জনকে আটক করা হয়েছে। বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে অভিযান চালিয়ে চিনি জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. এমরান মাহমুদ তুহিন বিষয়টি নিশ্চিত করেন। গতকাল আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভারত থেকে চিনিগুলো চোরাইপথে আনা হয়। পরে দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এসব চিনি সিলেটের জৈন্তাপুর থেকে ১২টি ট্রাকে করে মানিকগঞ্জের কাজিরহাট ফেরিঘাট দিয়ে পাবনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে একটি চক্র।

পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. এমরান মাহমুদ তুহিন বলেন, ‘কাজিরহাট ফেরিঘাটে অভিযান চালিয়ে ২৪২ টন চিনিসহ ২৩ জনকে আটক করা হয়েছে। চিনি সরবরাহকাজে ব্যবহৃত ১২টি ট্রাক জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চিনিগুলো আনা হয়েছে। পাবনা সদর থানায় আটক ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হবে।’

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, ‘ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে এলে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা পণ্যগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এগুলো জব্দ করা হয়।’