পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায়দের
জন্য আনা ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে এমভি সাফিয়া' নামে একটি বাল্কহেড জাহাজ
ডুবির ঘটনা ঘটছে।
রোববার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা
বন্দরের পশুর নদীর ত্রি-মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘এমভি শাহাজাদা-৬’ নামের অপর একটি লাইটার জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এসময় কোনো
হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা ৫ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
এদিকে ধাক্কা দেয়ার অপরাধে ‘এভি শাহাজাদা-৬’ লাইটার জাহাজটিকে আটক করেছে নৌ পুলিশ।
মোংলা নৌ পুলিশের এসআই
সৈয়দ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম
থেকে ছয় হাজার বস্তায় ১৭৫ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ‘এমভি সাফিয়া’ নামে চাল বোঝাই একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে।
এদিন দুপুরের পর বাল্কহেডটি মোংলা বন্দরের
পশুর নদীর ত্রি-মোহনায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাইটার জাহাজ এমভি শাহাজাদা-৬
পেছন থেকে ধাক্কা দেয়। এতে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড 'এমভি সাফিয়া'
জাহাজ। তবে এসময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরে পাড়ে উঠলে প্রাণে
বেঁচে যান তারা।এ ঘটনায় এভি শাহাজাদা-৬ লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী
নৌ ক্যানেল থেকে সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান সৈয়দ ফখরুল ইসলাম।
সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি
চাল উঠানো ও ডুবন্ত বাল্কহেডটি উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে জানান নৌ-পুলিশের এ কর্মকর্তা।









