বাংলাদেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ১ দশমিক ৭৮ শতাংশ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

গতকাল জাতীয় সংসদ অধিবেশনে এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ফারুক খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের নভেম্বরে সরকারি আদেশে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। জানুয়ারি ১৯৭৩ থেকে এ স্বায়ত্তশাসিত সংস্থা যাত্রা শুরু করে। সৃষ্টিলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি রূপময় বাংলাদেশের ঐতিহ্য ও পর্যটন আকর্ষণীয় স্থাপনাগুলো দেশী-বিদেশী পর্যটকদের কাছে পরিচিতি, প্রচার এবং পর্যটন সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ১ দশমিক ৭৮ শতাংশ। এ হার ক্রমাগত বাড়ছে।’

ঘরে বসেই নাগরিকরা ২৮ দিনে নামজারি করতে পারছেন: ভূমিমন্ত্রী

ই-মিউটেশনের মাধ্যমে নাগরিকরা আগের ৫৭ দিনের পরিবর্তে বর্তমানে ২৮ দিনে ঘরে বসেই নামজারি করতে পারছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী জানান, ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি ব্যবস্থাপনার আওতায় ই-মিউটেশন এবং অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেম চালু করেছে। ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে নাগরিকরা ঘরে বসে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জমির খাজনা-ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছে।