জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে হঠাৎ মধুমতী নদীর ভাঙনে বিলীন হয়েছে ব্যবসায়ীদের মালামালসহ ৩০টি দোকান। আরো ২০টি দোকানে ফাটল ধরেছে। হুমকির মুখে বাজারের কয়েকশত দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে দিচ্ছে প্রশাসন। গতকাল ভোররাতে এ ভাঙনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোররাতে কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজারের নদীশাসন বাঁধ ভেঙে বিলীন হয়ে যায় ৩০টি দোকান। ভোররাতে হঠাৎ বাঁধে ফাটল ধরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীদের মালামাল ও গুদামের পাটসহ ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানায়, বাজার মসজিদের মুয়াজ্জিন আজান দিতে এসে প্রথমেই দেখেন বাজারের পশ্চিম পার্শ্বের মধুমতী নদীর তীরে অনেক দোকান নেই। দোকানগুলো নদীতে বিলীন হয়ে গেছে।
মুদিদোকানি আবুল ফজল মোল্লাসহ বাজারের ব্যবসায়ীরা বলেন, সকালে বাজারে এসে দেখি আমাদের দোকানপাট নেই। রাতে বেচাকেনা করে দোকানে তালা দিয়ে বাড়ি গিয়েছি। সকালে বাজারে এসে দেখি দোকানগুলো নেই। সব দোকান মধুমতী নদীর করাল গ্রাসে চলে গেছে। আগে কোনো ধরনের ফাটল দেখেননি তারা, এখানে নদীশাসনের কাজ করা ছিল।
ব্যবসায়ীরা আরো জানান, তারা দোকানের মালামাল পর্যন্ত বের করে নেয়ার সুুযোগ পর্যন্ত পাননি। তাদের ভাগ্য নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার ঐতিহ্যবাহী বাজারটির আরো কয়েকশত দোকান হুমকিতে। দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে বিলীন হতে পারে পুরো বাজার এলাকা।
খবর পেয়ে ভোরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, কাশিয়ানী থানার অফিসার ওসি মো. মাসুদ রায়হান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান ঘটনাস্থলে পৌঁছেন। তারা ভাঙন ঠেকাতে জিও ব্যাগ নদীতে ফেলার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় জানান, ২ কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। ভাঙন রোধে আমরা দ্রুত জিও ব্যাগ ফেলার চেষ্টা করছি, যাতে বাজারটির বাকি অংশ রক্ষা করা যায়।









