পানিসম্পদ মন্ত্রণালয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বরাদ্দ বেড়েছে। বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে ১১ হাজার ১৯৪ কোটি টাকা। গত অর্থবছরে মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৪ হাজার ৬০৪ টাকা। এ হিসেবে এ মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে তিন হাজার ৪১০ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, পানি সম্পদের দক্ষ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, নদী ড্রেজিং, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ ও ভূমি পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া বুড়িগঙ্গা, তুরাগসহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, নদীমাতৃক এ দেশের কৃষি উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় পানিসম্পদের যথাযথ ও সুচিন্তিত ব্যবস্থাপনা প্রয়োজন। পানি সম্পদের দক্ষ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত ১৮২টি উন্নয়ন প্রকল্পের মধ্যে গত তিন বছরে ৯২টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়িত প্রকল্পের আওতায় ২৪৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ২১০ কিলোমিটার বাঁধ নির্মাণ, ২ হাজার ৩৬৯ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, ২৬৩টি হাইড্রোলোজিকাল স্ট্রাকচার নির্মাণ ও ২৩৩টি মেরামমত, ২৬৫ কিলোমিটার সেচ খাল পুনঃখনন, এক হাজার ১৯ কিলোমিটার নিষ্কাশন খাল পুনঃখনন, এক হাজার ১৪৮ কিলোমিটার নদী ড্রেজিং ও পুনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে।