চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের
উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ
ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাকে সিএমপি কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
(জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসিব আজিজ ১৯৭১ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর যোগদান করেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাসিব আজিজের বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ছিলেন।










