প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রেস উইং।
সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এ মোনাজাত পরিচালনা করেন।
সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করা হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তও কমানো হয়েছে। বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। পরিষদের বক্তব্য অনুযায়ী, আইনটি অংশীজনবান্ধব করার লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে।
এ সময় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া উপস্থাপন করা হয়। তবে অধ্যাদেশটি আরো বিস্তারিতভাবে তৈরি ও সংশোধন করে পরবর্তী সভায় পুনরায় উত্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সভায় জানান, আরব আমিরাতে জুলাইয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বন্দি অবশিষ্ট ২৪ জনকে শিগগিরই মুক্তি দেয়া হবে। তিনি পরিষদকে জানান, দুই থেকে তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।










