সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক রায়হান শরীফের ব্যাগ থেকে দুটি বিদেশী পিস্তল, গুলি ও ছুরি উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, রায়হান শরীফের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশী কাতানা (ছোরা), ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু ও দুটি ব্রাশ নাকেল উদ্ধার করা হয়।

সোমবার বিকালে মেডিকেল কলেজে মৌখিক পরীক্ষা চলাকালে প্রভাষক রায়হান শরীফের পিস্তলের গুলিতে এক শিক্ষার্থী আহত হন। তার পায়ে গুলি লাগে। তার পরই শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। খবর পেয়ে পুলিশ শিক্ষক রায়হান শরীফকে হেফাজতে নেয়। তার পিস্তলটিও জব্দ করা হয়।

কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক রায়হান শরীফ সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা। রায়হান শরীফ রাজশাহী মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ছাত্র ছিলেন। সেখানকার সূত্রে জানা গেছে, তিনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

শিক্ষার্থী আহতের ঘটনায় দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা প্রথম মামলাটি করেছেন। মামলায় প্রভাষক রায়হান শরীফকে আসামি করা হয়েছে। অবৈধ পিস্তল ব্যবহারের অভিযোগে ডিবির উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।