সুন্দরবনে বাঘসহ বন্যপ্রাণী রক্ষায় বনজীবীদের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এ লক্ষ্যে গতকাল বাগেরহাটে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে সেমিনার আয়োজন করা হয়েছে।

‘বাঘ আমাদের অহংকার—রক্ষায় দায়িত্ব সবার’ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ‘সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ, ডলফিনসহ বিভিন্ন বন্যপ্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর ওই মাছ খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও নিজেদের বাঁচতে বনের খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।’

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি হাবিবুন নাহার। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজু মুহাম্মদ নূরুল কবির, চাঁদপাই রেঞ্জের এসিএফ রানা দেব, স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান, জিউধরা স্টেশন কর্মকর্তা মুহাম্মদ হান্নান আলী, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবার হোসেন।