ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি জোরদার করতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বেলা আড়াইটায় এ সভা শুরু হবে বলে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এ সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সমন্বয় করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীসহ সব দপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা রক্ষা, বাজেট ও সার্বিক প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এ সভায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন ইসির কর্মকর্তারা।
আমন্ত্রিতদের মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা (জনপ্রশাসন, স্বরাষ্ট্র, শিক্ষা, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার ইত্যাদি), বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর প্রধানরা, গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই, এনএসআই) ও বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা।
নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে বলে ইসি সূত্রে জানা গেছে।










