রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আজ সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে নাইমুল ইসলাম (৭০) ও তার ছোট ভাই মেহের আলী (৬৫)।

সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

তিনি বলেন, আজ সকাল ৯টার দিকে পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুরে জমিজমা নিয়ে দুইপক্ষের বিরোধ বাধে। কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ান তারা।

এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ ঘটনায় আহত ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সুলায়মান (৫০) ও রজব (৩৫) বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি কামরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।