নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত এ আদেশ দেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, পরীমনি অ্যালার্জিজনিত সমস্যার কারণে আজ আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করেছিলেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার মক্কেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে, এদিন এই মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।