চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না, বরং দক্ষ অপারেটর নিয়োগের মাধ্যমে ব্যবস্থাপনা আরো আধুনিক ও কার্যকর করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘সমুদ্র অর্থনীতিতে যাত্রা: সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম বন্দর বিদেশী ব্যবস্থায় হস্তান্তর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না, শুধু ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেয়া হবে। ডিসেম্বর লক্ষ্য ধরে অনেকগুলো ধাপ ও প্রক্রিয়া সম্পন্ন করছে সরকার। গত ১৭ বছরে এসব নিয়ে কেউ কাজ করেনি। এখন যদি আমরা কাজ না করি, পরে আবার বলা হবে—এক বছরে কিছুই করিনি। তাই এ উদ্যোগের ক্রেডিট আমি নিতে চাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস আর সমাপনী বক্তব্য রাখেন গবেষণা পরিচালক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও সীমিত ভূমি সম্পদের কারণে দেশকে এখন তার সামুদ্রিক সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। বঙ্গোপসাগর কেবল সামুদ্রিক সম্পদের ভাণ্ডার নয়, বরং কৌশলগত অবস্থানের কারণেও এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের ৯০ শতাংশেরও বেশি বাণিজ্য সমুদ্রপথে পরিচালিত হয়। প্রযুক্তিগত উদ্ভাবন, কমিউনিটির অংশগ্রহণ, নীতি সমন্বয়ের মাধ্যমে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বাংলাদেশ দারিদ্র্য হ্রাস, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি ‘নীল অর্থনীতি’ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।
বঙ্গোপসাগরের সামুদ্রিক বাস্তুতন্ত্র ও সম্পদ জাতীয় সীমানা ছাড়িয়ে বিস্তৃত। তাই কার্যকর আঞ্চলিক সহযোগিতা ছাড়া টেকসই সমুদ্র ব্যবস্থাপনা সম্ভব নয় বলেও জানান বক্তারা। আর তাই চুক্তি, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক অংশীদারিত্ব বাড়াতে হবে, যাতে সমুদ্র সম্পদ সব দেশের জন্য ন্যায়সঙ্গত ও টেকসইভাবে ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমের সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।










