রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য
করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে
এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ
সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী
উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই
উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের
ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন, এটা
আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী
সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি।
অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে মন্তব্য করে মির্জা
ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি, এ
অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রধান
উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কী করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি, একটা
রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।










