ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর পৌর এলাকার ইকবালপুরের বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ আলী (৪০) ও অজ্ঞাতনামা একজন (৩৫)। আহত ব্যক্তির নাম রুবেল মিয়া। তার বাড়ি জামালপুর ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামে।

জিআর পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গফরগাঁও স্টেশন থেকে কমিউটার ট্রেনে ওঠে কয়েকজন ছিনতাইকারী। রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইকারীরা ট্রেনের ছাদে উঠে সেখানে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করতে চাইলে যাত্রীরা বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তিনজনকে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা নিয়ে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ওভারব্রিজের কাছে নেমে যায়। এরপর ট্রেন ময়মনসিংহ থেকে জামালপুর চলে যায়। আহতদের চিত্কারে ট্রেন থেকে যাত্রীরা নেমে তাদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।