বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেছেন, বিএনপি পবিত্র রমজানে কতগুলো ইফতার পার্টি করেছে তা গণনার
জন্য সরকার লোক নিয়োগ করেছে। বিএনপি রমজানের পবিত্রতা বজায় রাখতে ইফতার মাহফিলে
বিশ্বাস করে। আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিএনপি বিশ্বাসী নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি
রমজান মাসে ১ হাজার ইফতার পার্টি করেছে।
শুক্রবার
(১২ এপ্রিল) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল
কবির রিজভী।
রিজভী বলেন, ঈদ মানে আনন্দ, খুশি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি, উন্নত মানের খাবার কেনার সঙ্গতি ছিল না।
অত্যন্ত কষ্টে দিন যাপন করছে দেশের মানুষ। আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট
করেছে। তাদের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই। বিভিন্ন প্রজেক্টের নামেও বড় দুর্নীতি হচ্ছে।
তিনি আরো
বলেন,
ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে গতকাল ঈদের
দিনও সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। লঞ্চে দড়ি ছিঁড়ে বিল্লালের পরিবারের ৩ জনসহ
৫ জন নিহত হয়েছেন। মৃত্যুর শোক তাদের ঈদের খুশিকে ম্লান করে দিয়েছে। মানুষ আগুনে
পুড়ে মারা যাক, পানিতে ডুবে মারা যাক, সড়ক দুর্ঘটনায় মারা যাক এতে সেতুমন্ত্রীর কিছু যায় আসে না।
ওবায়দুল কাদের সাহেব আপনার মনে স্বস্তি থাকতে পারে, আপনার মন্ত্রীদের মনে স্বস্তি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের মনে স্বস্তি
নেই।
ঢাকা শহর
আগুনের নরকে পরিণত হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, কয়েকদিন আগে রাজধানীর বেইলি রোডে
আগুন লেগেছে, শিল্প কারখানায় আগুন লেগে কয়েকজন
মারা গেছেন। ঈদের দিনও আগুনে দগ্ধ হয়ে অনেক মানুষ মারা গিয়েছেন। এটাই সরকারের
পক্ষ থেকে ঈদের উপহার। সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের এই দুরবস্থা। কারণ, তারা জনগণের প্রতি দায়বদ্ধ নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের জবাবদিহি জনগণের কাছে নয়, তাদের জবাবদিহি একমাত্র শেখ হাসিনার কাছে।










