বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে (বৃহস্পতিবার) ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদ দোয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দোয়া চেয়েছি আল্লাহর কাছে, তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। আমরা আবারো দেশের মানুষের কাছে তার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) গণতন্ত্রের জন্য সারাটা জীবন সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন। সবশেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতায় রাজধানীসহ সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।