অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ শুক্রবার বেলা ১২টায় নদীর পানি সুনামগঞ্জ পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহামন জানান, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমান ৪২৪ মিলিমিটার। সুরমায় আজ সকাল ৯টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। বেলা ১২টা থেকে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল (২৬ সেপ্টেম্বর) সুরমা নদীর পানি কমতে পারে বলে জানান তিনি।

এদিকে ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।