দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে দুজন করে আটজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে আরো পাঁচজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
বাগেরহাট: জেলার রামপালে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত সাত জন। গতকাল দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।
সিরাজগঞ্জ: রায়গঞ্জে ট্রাপচাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক। তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন। অন্যজন একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। তিনি একই ওয়ার্ডের কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শোডাউনে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
ঝালকাঠি: নলছিটিতে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আনোয়ার আকন (৩৮) নামে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি র্যাব-৪-এ কর্মরত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী নিহত হন।
বগুড়া: জেলার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার তেলিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি দুপচাঁচিয়া সদরের দিকে যাচ্ছিলেন।
ঠাকুরগাঁও: পিকআপের ধাক্কায় যাত্রীবাহী ‘পাগলু’ (ট্যাক্সি) গাড়ি উল্টে গিয়ে এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত এরশাদ (৪০) পঞ্চগড়ের বোদা উপজেলার পবার উদ্দিনের ছেলে। তিনি একটি কলেজের প্রভাষক ছিলেন।
নোয়াখালী: সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তানু নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারী: বাসের ধাক্কায় রাশেদ পারভেজ (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ পারভেজ কলেজপাড়ার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানি প্যাকেজিং শাখার শ্রমিক ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজাইগির এলাকায় ট্রাক্টর উল্টে একজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন (৪৫) নবাবজায়গীর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।










