সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলামকে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ আন্দোলনের সময় বহুবার তার (সিরাজুল ইসলাম) বাসায় গিয়েছি। সর্বশেষ যখন জেলে গিয়েছিলাম খসরুসহ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী), তখন বিদেশী কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছিল। সে সময় সবুজ (সিরাজুল ইসলামের ডাকনাম) অনেক ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। সব সময় লিখেছে, কথা বলেছে। আমাদের খুব আশা ছিল যে দেশটা যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হবে, তখন সবুজকে আমরা দেশের কাজে লাগাতে পারব।’
গতকাল সিরাজুল ইসলামের স্মরণে আয়োজিত এক দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এ স্মরণসভার আয়োজন করে দ্য ঢাকা ফোরাম (টিডিএফ)। সিরাজুল ইসলাম সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন।
স্বৈরশাসকের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণ ১৫ বছর ধরে রাজপথে প্রাণ দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এ সংগ্রামে (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) শুধু দুই মাসের জন্য জনগণ শহীদ হয়েছে তা নয়, ১৫ বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এ ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, রাজপথে প্রাণ দিয়েছে।’
সভায় সিরাজুল ইসলামকে স্মরণ করে আরো বক্তব্য দেন বিভিন্ন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কূটনীতিকসহ তার শুভাকাঙ্ক্ষীরা।
গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল ইসলাম। তার মরদেহ দেশে আনার পর ১৮ আগস্ট বনানীতে দাফন করা হয়।










