সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় ছয়জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে নিহত হয়েছেন দুজন। এছাড়া ফেনী, গোপালগঞ্জ, দিনাজপুর ও নাটোরে প্রাণ হারিয়েছেন আরো চারজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

চট্টগ্রাম: মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। শনিবার রাতে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার ও জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস কারখানার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খইয়াছড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (৪৫) ও দুর্গাপুর ইউনিয়নের ফুটন চৌধুরী (৩৫)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টায় বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৮টায় মারা যান তিনি।

অন্যদিকে রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান মাসুদ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফেনী শহরের খাজুরিয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মোহাম্মদীয়া ভোর বাজারের মৃত নুরুল আলমের ছোট ছেলে।

গোপালগঞ্জ: প্রাইভেট কারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেট কারের তিন যাত্রী। গতকাল সকাল ৭টার দিকে সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিকরুল মোল্লার (৬৫) বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দিনাজপুর: জেলার বিরলে পানিবাহী ট্যাংক লরির ধাক্কায় আশরাফুল আলম (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল গরুরগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল দিনাজপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

নাটোর: ট্রাকের ধাক্কায় নাটোরে সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ব্র্যাক ব্যাংক নাটোর শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।