রাজধানীর গুলশান-বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গার্ডরুমে সহকর্মীর গুলিতে মনিরুল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন। এ ঘটনায় পথচারী সাজ্জাদ হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার (০৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।তবে পুলিশ সদস্যরা চান্সেরি বিভাগ থেকে দূতাবাসে ডিউটি করে থাকেন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত পৌনে ১২টার দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে কনস্টেবল কাউসার আহমেদের (কনস্টেবল নম্বর ৮১২৬) গুলিতে অপর কনস্টেবল মনিরুল (কনস্টেবল নম্বর ৩৬৯৮১) ঘটনাস্থলে মারা গেছেন।এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার তিনটি গুলি লেগেছে। কি কারণে এই ঘটনাটি ঘটলো তা এখনো বিস্তারিত জানা যায়নি। তবে অভিযুক্ত কনস্টেবল কাউসার আহমেদকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ইউনাইটেড হাসপাতালের একটি সূত্র জানায়, গুলশান থেকে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।










