ওমিক্রন মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেছেন, বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। ইলিশ রক্ষা হলে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।









