পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে যা যা
দরকার তা করা হবে। আইনশৃঙ্খলা, শিক্ষার মান, জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায়
গুরুত্ব দেয়া হবে। রোববার (২৫ আগস্ট) দুপুরে বান্দরবান সার্কিট হাউসে জেলার
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সুপ্রদীপ চাকমা বলেন, এই অঞ্চলের মঙ্গল নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করা হবে। পাহাড়ে সমতলের মতো গুণগত মানসম্পন্ন শিক্ষা নেই। আমাদের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। জীবনমান বাড়াতে হবে। যাতে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং বাচ্চারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। পরিবেশগত দিক থেকে এই এলাকা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশের ৪৪ শতাংশ অক্সিজেন এই এলাকা থেকেই আসে। তাই উন্নয়নের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।
পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) প্রসঙ্গে তিনি বলেন, বন্দিদের মুক্তির বিষয়ে আইনগত জটিলতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
মতবিনিময় সভায় বান্দরবনের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










