বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের জন্য ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ডিরেক্টর ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ম্যানেজার উইলফ্রেড তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গভর্নর তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে আরো বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান জানান।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের আগ্রহ ও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।