কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক
নুরুল আলম নুরুকে হত্যার ঘটনার সাত বছর পর রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম
চৌধুরীসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সুমি
আক্তার বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ ওয়ালী
উদ্দিন আকবর। মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
নুরুল আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার
সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি স্বামী
হত্যার বিচার চাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ
রাত ১১টা ৪৫ মিনিটে এবিএম ফজলে করিমের নির্দেশে রাউজান থানার এসআই জাবেদ ঘুমন্ত অবস্থায়
নুরুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরদিন ৩০ মার্চ তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায়
দুটি মাইক্রোবাস ব্যবহার করা হয়। এর মধ্যে একটি গাড়ির চালক ছিলেন হেলাল নামের একজন।










