চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সড়কে বিআরটিসি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেজা ভবনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব সালেহ আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিল্প নগর এলাকায় কর্মরত শ্রমিকদের চলাচলের জন্য বড়তাকিয়া বাজার থেকে শিল্পনগরের জিরো পয়েন্ট পর্যন্ত বাস সার্ভিস চালুর বিষয়ে পরিবহন মালিক, বেজা, উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মধ্যে আলোচনা হয়। বেজার পক্ষ থেকে বিআরটিসি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বাস মালিকদের পক্ষে মিরসরাই এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম জানান, চট্টগ্রাম সদরের কদমতলী থেকে বারইয়ারহাট পর্যন্ত তাদের বাস সার্ভিস চালু রয়েছে। শিল্পনগরের শ্রমিকদের সুবিধার্থে জোন এক্সপ্রেস নামে বাস সার্ভিস চালুর প্রস্তাব দেন তিনি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাদের যাতায়াতে পরিবহন সংকট দিন দিন বেড়ে যাচ্ছে। তাই বড়তাকিয়া থেকে শিল্পনগর পর্যন্ত বাস সার্ভিস চালু করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।’