প্রাথমিক পর্যায়ে যেসব বিষয়ে দলসমূহের মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর একটি তালিকা আজ বিকালের মধ্যে পৌঁছে দেয়া হবে বলে জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, 'আলোচনা দ্রুত এগিয়ে নেয়ার লক্ষ্যে আজ সন্ধ্যায়, কিংবা প্রয়োজন হলে কালও, আমরা একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করতে চাই। এতে করে একটি সর্বজনগ্রাহ্য ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো একটি সনদ আকারে সকলের হাতে তুলে দেয়া সম্ভব হবে।'

আজ বুধবার (৩০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ আরো বলেন, 'রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত আলোচনা যেহেতু নতুন প্রস্তাব হিসেবে আসছে, তাই এই একটিমাত্র বিষয় আজকের সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। বাকি সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে চাই এবং সে জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। যেমনটি আপনারা শুরু থেকেই দিয়ে আসছেন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব।'