রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। তাই দেশের জন্য তাদের দায়িত্ব রয়েছে। সে দায়বদ্ধতা থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিরোধী দল নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশকে নিয়ে তাদের ভাবনা নেই। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া তাদের কোনো কর্মসূচি নেই। তারা ক্ষমতায় থাকাকালে দুর্নীতি ছড়িয়ে দিয়ে স্বাধীনতাবিরোধীদের নিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড  চালায়।

তিনি গতকাল দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পঞ্চগড় থেকে রংপুর-বগুড়া ভায়া সান্তাহার রুটে চলাচলের জন্য দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসের উদ্বোধন ও স্টেশনের প্রবেশ গেট, অ্যাপ্রোচ সড়ক এবং কার পার্কিং এরিয়া উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ রেল যোগাযোগ ব্যবস্থা চালুর ফলে উত্তরাঞ্চলের কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে রেলে পরিবহন করে ন্যায্যমূল্যে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন। এতে এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ স্থানীয়ভাবে নিত্যপণ্যের চাহিদা পূরণ হবে। ফলে এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

মন্ত্রী আরো বলেন, অচিরেই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত নতুন রেললাইন স্থাপন কাজ শুরু হবে। ভারতের সঙ্গে কানেকটিভিটি সুযোগ তৈরি হবে। এ পথ দিয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটানের সঙ্গে পণ্য আমদানি-রফতানি করা হবে। চলতি বছরের ডিসেম্বরে পঞ্চগড় থেকে মংলা এবং আগামী ২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। পঞ্চগড় রেলস্টেশনের আরো আধুনিকায়ন হবে। এখানে পাঁচতলা ভবন হবে। সেখানে ডিপার্টমেন্টাল স্টোর হবে। যাত্রীদের থাকার আধুনিক ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার শাহ সুফী নূর মোহাম্মদ বক্তব্য রাখেন।