উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এতে আগামী পাঁচদিন অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ মো.শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর আরো জানায়, বর্ধিত পাঁচদিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।










