সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল অনুষ্ঠানটি আয়োজন করে ইতিহাস ও ঐতিহ্য পরিষদ।
ভারতীয় হাইকমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশের জাতীয় জাদুঘরে আয়োজিত হয় অনুষ্ঠানটি। এতে প্রকৃতি ও ঋতু পরিবর্তন থেকে অনুপ্রাণিত নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি, আবৃত্তি ও চিরায়ত জারি গানসহ ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নিদর্শনস্বরূপ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
আরো বলা হয়েছে, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। এ উৎসবগুলোকে ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর শিকড়যুক্ত অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন প্রণয় ভার্মা, যা দুই দেশের সমাজ ও জনগণকে নিবিড়ভাবে সংযুক্ত করে।










