কোনো জনপ্রতিনিধি অপরাধ করলে, তাকেও আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, মানুষ যেন দিন শেষে শান্তিতে ঘুমাতে পারে। কাউকে চাঁদা যাতে দিতে না হয়।’
গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যশোরে চলমান পুলিশের অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে।
এ বিষয়ে পুলিশের অবস্থান তুলে ধরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, ‘আমাদের ইন্টেলিজেন্সের ভিত্তিতেই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সেই অভিযান চলমান আছে। যশোরের যারা চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক বিক্রেতা তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। কোনো জনপ্রতিনিধি বা শ্রেণী-পেশার মানুষের বিরুদ্ধে নয়। জনপ্রতিনিধিরা সম্মানিত ব্যক্তি। আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ।










