বর্তমানে দেশে কারো কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। যাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা প্রস্তুত আছি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় নয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করে থাকলেও এসএসএফ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রাসঙ্গিক সংস্থার এক্তিয়ারভুক্ত।
কোর কমিটির এ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।









