শিক্ষার্থীদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেশের শীর্ষ ব্যবসায়ীদের মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পক্ষ থেকে বলা হচ্ছে তৃতীয় পক্ষ সন্ত্রাস করছে, সহিংসতা করছে। ছাত্ররাও বলছে এ সন্ত্রাস ও সহিংসতায় তারা জড়িত না। প্রতিটি স্তরে ছাত্রদের দাবি, সরকারের অবস্থান একই রকম। কোনো পার্থক্য নেই। তৃতীয় পক্ষ সংঘাতের পরিবেশ তৈরি করে ফায়দা নেয়ার চেষ্টা করছে। ছাত্ররা বলেছে, তারা কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে চায় না। শিক্ষার্থীরা যেটা চাচ্ছে সরকার সেই লড়াইটা করছে। কোনো পার্থক্য নেই। কিন্তু তার পরও কেন একটির পর একটি সংঘর্ষের দিকে নিয়ে যাওয়া হলো। আমরা বিভিন্ন পর্যায়ে বারে বারে বললাম শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীও বৈষম্যের বিরুদ্ধে। ছাত্ররা মেধাকে অগ্রাধিকার দিতে চায়, শেখ হাসিনার সরকারও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায়। তারা বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি বৈষম্যবিরোধী। বৈষম্যবিরোধী বলেই নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ পিছিয়ে পড়াদের এগিয়ে নিয়ে আসতে বিভিন্ন সময়ে চেষ্টা করেছেন।’ 

আরাফাত আরো বলেন, ‘তারা পরিপত্র পুনর্বহাল চাইছে, আমরাও পরিপত্র পুনর্বহালের জন্য সর্বোচ্চ আদালতে লড়াই করছি। তাহলে কেন এ জায়গায় এল? এটি থেকে পরিষ্কার হলো কেন এ জায়গায় এল যখন অগ্নিসন্ত্রাস এবং জঙ্গি আক্রমণ দেখলাম। তখন বোঝা গেল এখানে সরকার ও ছাত্রদের যে অবস্থান তার বাইরে একটি তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। এ তৃতীয় পক্ষ সন্ত্রাসী ও জঙ্গি কায়দায় আক্রমণ করেছে। ছাত্ররা বলছে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে না, তারা নিন্দা জানিয়েছে। তারা স্বীকার করে নিয়েছে সন্ত্রাস, সহিংসতা হচ্ছে কিন্তু তারা করছে না।’