চট্টগ্রামের সল্টগোলা এলাকায় অবস্থিত বাংলাদেশ
পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মচারী ইউনিয়নের (সিবিএ) অফিসে হামলা ও ভাংচুর
করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় বিপিসিতে কর্মরত তিনজন
কর্মচারীর নেতৃত্বে ১৮ থেকে ২০ জন হামলাকারী ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিপিসির
সিবিএ নেতারা।
বিপিসির কর্মচারী ইউনিয়নের অফিস কক্ষের আসবাবপত্র,
নেমপ্লেট, ব্যানার ও অনার বোর্ড ভাংচুর চালানোর পাশাপাশি হামলাকারীরা কর্মচারীদের হুমকি-ধামকি
দিলে সাধারণ কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
বিপিসির কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আতিকুর
রহমান বণিক বার্তাকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় বিপিসির তিনজন কর্মচারী— তুহিন কবির (ইউডিএ),
নুরুজ্জামান (গাড়িচালক) ও মো. আসলাম হোসেনের (গাড়িচালক) নেতৃত্বে বহিরাগত আনুমানিক
১৮ থেকে ২০ জন দূর্বৃত্ত বিপিসির সিবিএর অফিসে হামলা ও ভাংচুর করে। এ সময় তারা নানা
হুমকিধামকি দিলে বিপিসির কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে তখন সিবিএ অফিসে কেউ সেখানে
উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে আমরা বিপিসির চেয়ারম্যানকে লিখিত অভিযোগের পাশাপাশি
জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।










