চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভৈরব ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন।

এই ঘটনার চারদিন পর গত ৩০ নভেম্বর সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন ও ছোট ভাই খান এ আলম বাদী হয়ে চট্টগ্রাম কোতয়ালি থানায় দুটি মামলা করেন।