ফরিদপুর সদর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও সুনামগঞ্জে চারজন এবং রাজধানীর কাকলি, গোপালগঞ্জ ও চট্টগ্রামে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফরিদপুর: যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল সকাল ১০টায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর এলাকায় আবুল হোসেন ফিলিং স্টেশনের কাছে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিক এন্টারপ্রাইজের বাসের তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে বাসচালকও রয়েছেন। এছাড়া দুটি বাসের অন্তত ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন বাসচালক আজিজুল হক (৬২)। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামে। অন্য দুজন ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্লা (৭৫) ও মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার মিনতি রানী বিশ্বাস (৪২)।

মাদারীপুর: জেলার শিবচরে বাসের ধাক্কায় একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মাসুদ বিশ্বাস (৫৫) ও তার পুত্রবধূ ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, আহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো শিবচর হাইওয়ে থানায় রয়েছে।

সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোয়ারাবাজার উপজেলার ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে ও সিএনজিচালিত অটোরিকশার চালক প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) এবং দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা (চার মাস)।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর একটি শিশু মারা যায়। এছাড়া আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ঢাকা: রাজধানীর কাকলি ফুটওভার ব্রিজের নিচে গাড়ির ধাক্কায় মো. আজিজুর রহমান (৩৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজিজুর রহমান ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, আজিজুরের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার ঠাকুরকান্দি গ্রামে। তিনি ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। রাজধানীর মিরপুরে বসবাস করতেন তিনি।

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের সহকারী। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক জামাল মোল্লা (৩২) বাগেরহাটের মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আহত আনিস গোপালগঞ্জ সদরের ডুমরাসুর গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম: হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারানো একটি টেম্পোর নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর কালীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন উপজেলার শিলক ইউনিয়নে শিমুল বড়ুয়ার ছেলে।