গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল গোপালগঞ্জ প্রেস ক্লাবে গোবরা ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে তার স্ত্রী কেন্দ্রীয় যুগ মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সহজনশক্তি সম্পাদক অন্তু রহমান ইতি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি টুটুলের বিরুদ্ধে পরকীয়ার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া, অন্যত্র বিয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিচয়কে অপব্যবহার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, তার বোন লিজা চৌধুরী, বোনজামাই শামীম চৌধুরী, সিজান চৌধুরী প্রমুখ।

এ ব্যাপারে গোবরা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।