যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন নিয়োগ স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন লঙ্ঘন করে ডিন নিয়োগ করায় সংক্ষুব্ধ শিক্ষক রিট করলে উচ্চ আদালত এ রুল জারি করেন।
রিটের আদেশে আদালত ড. মাহফুজুর রহমানের ডিন নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা বাতিলপূর্বক ড. শিরিন নিগারকে কেন ডিন নিয়োগের নির্দেশ দেয়া হবে না, এর জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। আদালতে রিট দাখিল করা ড. শিরিন নিগার এবং তার আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার আদালতের নির্দেশনা সংবলিত রুলের কপি হাতে পেয়েছেন ড. শিরিন নিগার।
পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার জানান, নিয়ম অনুযায়ী যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে তার নিয়োগ পাওয়ার কথা। কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অন্য বিভাগ থেকে এ নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত নিয়োগ স্থগিত করে রুল জারি করেছেন।
এ ব্যাপারে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন নিয়োগ নিয়ে উচ্চ আদালতে রিটের বিষয়টি তিনি জেনেছেন। তবে আদালতের কোনো নির্দেশনা এখন পাননি। উচ্চ আদালতের রুলে যে নির্দেশনা দেয়া হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্দেশনা হাতে পাওয়ার পর তা বাস্তবায়ন করা হবে।










