চব্বিশের গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) অবদানকে স্মরণ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য ওই সংকটপূর্ণ সন্ধিক্ষণে হুমা খানের ভূমিকারও প্রশংসা করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকায় ওএইচসিএইচআর কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান সোমবার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয় পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা ন্যায়বিচার, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্তদের সমাধানের বিষয়গুলোসহ জুলাইয়ের বিপ্লব পরবর্তী সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন। তারা আসন্ন সাধারণ নির্বাচন এবং দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের বিষয়েও মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের জন্য একটি সংকটময় সময়ে হুমা খানের সেবার প্রশংসা করেন এবং জাতিসংঘের মানবাধিকার অফিসের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তের প্রশংসা করেন। তাদের আলোচনায় জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং দেশে জোরপূর্বক গুম ও গোপন আটক কেন্দ্রের তদন্তে গুম কমিশনের কাজের বিষয়টিও ছিল।

সভায় এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।