কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল দেশের কোথাও বিক্ষোভ বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। গত কয়েক দিনের ঘটনায় বিভিন্ন জেলায় মামলা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেফতারে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী। গতকাল সড়কে কোনো পক্ষকে অবস্থান নিতে দেখা যায়নি। সড়কে থাকা প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার পর যানবাহন চলাচলও কিছুটা বেড়েছে।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বণিক বার্তাকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি-জামায়াত সহিংসতা করেছে। বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টায় ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে।’
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ছাত্র ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা চেষ্টার অভিযোগে জেলা ছাত্রদলের সহসভাপতি খোরশেদ আলম ও যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. সবুজকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাঙ্গামাটিতে কারফিউর তৃতীয় দিনে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। কারফিউর প্রথম দিন জেলায় যান চলাচল মোটামুটি বন্ধ ছিল। দ্বিতীয় দিনে কিছু চলাচল করতে দেখা গেলেও গতকাল আরো বেড়েছে। নওগাঁ: আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওগাঁয় কারফিউ শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। এছাড়া নাশকতার মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনিসহ ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১৯ জুলাই শহরের তাজের মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
লক্ষ্মীপুর: পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় জেলা বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি ফারুক মজুমদার।
মেহেরপুর: গতকাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। নিয়মিত প্রক্রিয়ায় গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ১৮ জুলাই থেকে গতকাল পর্যন্ত ৫৯ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এ সময় মামলা হয়েছে সাতটি। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরে গ্রেফতার করা হয়েছে ৯৪ জনকে। পাবনায় গ্রেফতারের বিষয়ে পুলিশ সুনির্দিষ্ট তথ্য না দিলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৭৪ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।
সিরাজগঞ্জে গত তিনদিনে কোনো সহিংসতা ঘটেনি। তবে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। নীলফামারীর বিভিন্ন থানা থেকে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।










