সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর দগ্ধ বাংলাদেশী কর্মী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মারা গেছেন। খবরটি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের আলখারজ এলাকায় গত ৮ মার্চ ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে দগ্ধ হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত ১১টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম শহিদুল ইসলাম।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, চলমান সংঘাতে নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের তরফ থেকে সরকারী বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেয়া হবে।