সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। 

অন্যান্য দিন এই সময়ে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। তবে আজকে চিত্র পুরো ভিন্ন। রাস্তায় যানবাহন একেবারেই কম।  ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।


মিরপুর থেকে কারওয়ান বাজার থেকে আসা এক ব্যক্তি জানান, ‘রাস্তায় খুব বেশি গাড়ি নেই। লোকাল বাসের সংখ্যাও কম। বিআরটিসি কয়েকটা বাস দেখেছি, সেগুলোয় অনেক ভিড়। অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা।’

এদিকে রাজধানীর মতিঝিলে গণপরিবহনের সংখ্যা কম ছিল। বিশেষ করে বাস চলাচল লক্ষ্য করা যায়নি। মেট্রোরেল  চালু থাকলেও সেখানে যাত্রীর উপস্থিতি তুলনামুলক কম।

সকাল পৌনে ১০টায় শ্যাওড়াপাড়া এলাকায় অন্যান্য দিনের তুলনায় মিরপুরের বাস ও মানুষের উপস্থিতি কম দেখা গেছে। বাসগুলোতে যাত্রীর চাপ তেমন একটা দেখা যায়নি। অল্পসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

একইরকম পরিস্থিতি দেখা গেছে মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগসমহ বিভিন্ন এলাকায়।

অন্যদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। ফলে কোনো ধরনের যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না এবং ঢাকায় ঢুকতেও পারছে না। সড়কে সকল ধরনের যানবাহন এমনকি রিকশা, মোটরসাইকেলও বন্ধ করে দেয়ার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।