দিনাজপুর সদরের আনসার ক্লাবের সামনের  ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী মা ও মেয়ে নিহত এবং চালক গুরুত্বর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকার রেজাউল করিমের স্ত্রী শিল্পী আক্তার (৩৫) ও চার বছরের কন্যা সোহা মনি। আজ অটোরিকশা চালক তরিকুল ইসলামকে (৪৫) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর রংপুর মহাসড়কের আনসার ক্লাবের সামনে বেলা পৌনে ৪টার সময় অটোরিকশায় করে চাঁদগঞ্জ থেকে শহরের দিকে আসার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা ও মেয়ের মৃত্যু হয়। চালক হাসপাতালে চিকিৎসাধীন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।