রাজধানীর কাঁচাবাজারে তিন দিনের ভয়াবহ বন্যার প্রভাব পড়তে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় সব সবজির দাম বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ ধরে স্থিতিশীল থাকার পর প্রতিটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, বন্যার প্রভাবে সামনে আরো দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

আজ শনিবার (২৪ আগস্ট) বাজারে আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ৫৫ টাকায়। ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, দেশী পেঁয়াজ ১২০ টাকা, ভারতীয় রসুন ২২০ টাকা, দেশী রসুন ২২০ টাকা, ভারতীয় আদা ২৪০ টাকা, দেশী আদা ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

সবজির বাজার ঘুরে আরো দেখা গেছে, কাঁকরোল, পেঁপে, পটল, ঢেড়শ, চিচিঙ্গা, কচুর মুখী, করলা—সব সবজিই প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লম্বা বেগুনের দাম কেজি প্রতি ৮০ টাকা।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. জাকির হোসেন বলেন, গত দুই সপ্তাহ ধরে শাক-সবজির দাম কম ছিল। তবে বন্যার প্রভাব পড়ায় বাজারে দাম বাড়তে শুরু করেছে।

তবে এখনো বেশ কিছু সবজির দাম নাগালের বাইরে রয়েছে। এর মধ্যে গোল বেগুন ১২০ টাকা, বিট ১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৪০ টাকা, ক্যাপসিকাম সবুজ ২২০ টাকা, ক্যাপসিকাম লাল ও হলুদ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতি হালি কাঁচাকলার দাম ১৫ টাকা, এলাচি লেবু ৩০ টাকা, কলম্ব লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি পিস মাঝারি সাইজের লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।