এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৮ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে। আর সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৮৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ সময় মোট ১ হাজার ৬৩ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন। এ সময় হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।
এদিকে হামের প্রাদুর্ভাব সিলেট বিভাগে এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে দুই শিশু ও এক তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১২৫-এ দাঁড়িয়েছে।










