নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।
নিহত ইউসুফ আলী (৩০) শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার মনোউদ্দিন ভূঁইয়ার ছেলে। আহতরা হলেন, দত্তেরগাঁও এলাকার আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯) ও মো. আবদুল্লাহ (১০), মাহবুব (৩৫) এবং পলাশের চরসিন্দুর এলাকার আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। এসময় ট্রেন ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হলে প্রাইভেটকারটি রেললাইনের পাশে উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গাড়িতে থাকা আরো ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে আহত মাহবুব বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।










