প্রতিহিংসা ও প্রতিশোধের সর্বনাশা খেলায় আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জের চাষাড়ায় জিয়া হলের ওপর থাকা জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি এ বিবৃতি দেন। পাশাপাশি তিনি জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি। দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এখন জুলুম—নির্যাতন, প্রতিহিংসা ও প্রতিশোধের সর্বনাশা খেলায় বেপরোয়া হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, আমরা বর্তমানে এক প্রতিহিংসাপরায়ণ দখলদার সরকারের দ্বারা শাসিত দেশে বসবাস করছি। মানুষের জানমালের নিরাপত্তাসহ ন্যূনতম গণতান্ত্রিক ও মৌলিক অধিকারটুকুও হরণ করা হয়েছে। স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারই নন, একজন সুশাসক হিসেবে সারা বিশ্বে সমাদৃত, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

তিনি বলেন, বর্তমান কতৃর্ত্ববাদী দখলদার সরকার চরম প্রতিহিংসাপরায়ণ বলেই নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ জিয়া হলের ওপরে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরালের অস্তিত্ব সহ্য করতে না পেরে দলীয় ক্যাডারদের দিয়ে ভেঙে ফেলেছে। আওয়ামী শাসকগোষ্ঠী শুধু গণতন্ত্রই ধ্বংস করেছে তা নয়, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল করে যাচ্ছে। স্বাধীনতার ঘোষকের ম্যুরাল ভেঙে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তার্জিত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হলো।