ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

প্রধানমন্ত্রী নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী সারা রাত খবর রেখেছেন। সকল সরকারি দফতর তৎপর ছিল। তাই প্রাণহানি কম হয়েছে।

মন্ত্রী জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ আগামী রোববারের মধ্যে জানাতে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্গতদের পাশে থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

এর আগে একনেক সভায় ১৪ হাজার ৩৩৭ কোটি টাকায় ১১ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যার মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৬ হাজার ৫৪১ কোটি টাকার। আর বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ৮৭৯ কোটি টাকা।