টিকাদান কার্যক্রম জোরদার করতে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। বুধবার (৬ মে) দুপুরে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পৃথিবীর ইতিহাসে আমরাই প্রথম ইউনিসেফ থেকে ১৫ লাখ ডোজ টিকা গ্রহণ করলাম। চলতি বছরের মধ্যে সব ভ্যাকসিনের ডোজ সরবরাহ করা হবে। আমাদের ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। ৯৩ শতাংশ টিকা দেয়া হয়েছে। ৪-৫ দিনের মধ্যে বাকি টিকা দেয়া হবে।

আগামী ১০ মে’র মধ্যে দেশে হাম-রুবেলাসহ সব ধরনের ১ কোটি ৮ লাখ টিকা আসবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামকে চ্যালেঞ্জ করার মতো কোনো অব্যবস্থাপনা নেই বর্তমান সরকারের। প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলের মাধ্যমে অস্থায়ী ক্যাম্পে ২০০টি বেডে সেবার ব্যবস্থা করা হবে।